মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 01 September 2026
বাংলাদেশ
banglabrief.com/
সংস্করণ
29 August 2026
বাংলাদেশ

কালীগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, প্রেসক্লাবের সামনে মানববন্ধন

জমি দখল থেকে মাদক, চাঁদাবাজি থেকে কৃষিজমিতে বালু ভরাট, এমন নানা অভিযোগে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলুর বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। অভিযোগগুলোর তদন্ত এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন তাঁরা।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। সেখানে প্রবাসী আলমগীর কবিরের ভাই ইকবাল আহমেদ, বায়েজিদ হাসান শিবলীর ভাই মো. মুজাহিদুল ইসলাম ও আলমগীর কবিরের ভাতিজা মো. জাহিদুল ইসলাম বক্তব্য দেন।

বক্তারা বলেন, বাবলু ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। এর মধ্যে জমি দখল, চাঁদা দাবি, মাদক কারবার, হামলা, মামলা দিয়ে হয়রানি এবং কৃষিজমিতে অবৈধভাবে বালু ভরাটের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিচয় ও স্থানীয় প্রভাবের কারণে অভিযুক্তদের বিরুদ্ধে অনেকে প্রকাশ্যে কথা বলতে পারেন না। কেউ প্রতিবাদ করলে তাঁকে মামলা ও হয়রানির মুখে পড়তে হয় বলেও কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন।

বাবলুর দুই ভাই আনিসুর রহমান রিপন ও সোহেলের বিরুদ্ধেও স্থানীয়ভাবে প্রভাব বিস্তারের অভিযোগ তোলা হয়। হাট, জমি, বালু ভরাট ও নির্মাণকাজে তাঁদের প্রভাব রয়েছে বলে দাবি বক্তাদের।

চার বিঘা জমি নিয়ে বিরোধ

মানববন্ধনে দুবাইপ্রবাসী আলমগীর কবিরের প্রায় চার বিঘা জমি দখলের অভিযোগ বিশেষভাবে তুলে ধরা হয়। পরিবারের দাবি, জমির খারিজ হালনাগাদ এবং খাজনা নিয়মিত পরিশোধ করা হলেও আলমগীর বিদেশে থাকার সুযোগে কয়েকজন তাঁর জমি দখলের চেষ্টা করছেন।

আলমগীর কবিরের অভিযোগ, বাবলুর ভাই আনিসুর রহমান রিপন, সজল শেখ, মাহফুজ আহমেদ ও লতিফ মোল্লাসহ কয়েকজন তাঁর জমিতে গিয়ে দখল প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তাঁর জমিতে টিনের ঘর নির্মাণ করা হয়েছে এবং প্রায় ৪৬ শতাংশ জমির মাটি ভেকু দিয়ে কেটে নেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি জানান, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে একাধিকবার সালিশ-বৈঠক হলেও অভিযুক্তরা কোনো সিদ্ধান্ত বা বিচার মানেননি। এ ঘটনায় থানায় মামলা করার কথাও জানান তিনি।

আলমগীরের ছেলে ফেরদৌস হাসান বলেন, জমির সীমানা নির্ধারণে বাঁশের খুঁটি বসালে সেগুলো রাতের বেলায় তুলে ফেলা হয়। জমি ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি।

বায়েজিদকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ

মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া বায়েজিদ হাসান শিবলীর পরিবারও মানববন্ধনে অভিযোগ তুলে ধরে।

পরিবারের দাবি, গত ১৩ আগস্ট ১৯ বছর বয়সী বায়েজিদকে অপহরণ করে মারধর করা হয়। পরে তাঁর পকেটে ইয়াবা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।

পরিবারের সদস্যরা বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বায়েজিদকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

মানববন্ধনে বক্তারপুর ইউনিয়নের ইসলামী আন্দোলনের নেতা আকরাম হোসেন খান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগও তোলা হয়।

চুপাইর হাট নিয়েও অভিযোগ

চুপাইর গরুর হাটের ইজারা, আয়-ব্যয় এবং আশপাশের কর্মকাণ্ডে আনিসুর রহমান রিপনের প্রভাব রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

হাটসংলগ্ন বাজার, ঘাট, রাস্তার কাজে ব্যবহৃত ইট-বালু ও নির্মাণসামগ্রী সরবরাহ নিয়ন্ত্রণের অভিযোগও তোলা হয়। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন ও নির্মাণকাজে ঠিকাদারি নিয়ন্ত্রণ এবং মিল-কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা দাবির অভিযোগও করেন কয়েকজন বক্তা।

কৃষিজমিতে বালু ভরাটের অভিযোগেরও তদন্ত দাবি করা হয়। বক্তারা বলেন, কৃষিজমিতে বালু ফেলার কারণে কৃষি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা রয়েছে।

তদন্ত ও নিরাপত্তার দাবি

মানববন্ধন থেকে ছয় দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে জমি উদ্ধারে ব্যবস্থা, বায়েজিদ হাসান শিবলীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত, অবৈধ বালু ভরাট বন্ধ, মাদক কারবারের অভিযোগ তদন্ত, অভিযুক্তদের রাজনৈতিক প্রভাব খতিয়ে দেখা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা।

বক্তারা বলেন, অভিযোগের সত্যতা রাজনৈতিক পরিচয় দেখে নয়, প্রমাণের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।