মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 01 September 2026
বাংলাদেশ
banglabrief.com/
সংস্করণ
02 October 2025
বাংলাদেশ

টেকনাফের গহিন পাহাড় থেকে ২১ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফের উপকূলীয় এলাকায় বাহারছড়ার গহিন পাহাড়ে যৌথ অভিযান চালিয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার হয়।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশকিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাটসংলগ্ন একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার (০১ অক্টোবর) রাত ১১টায় বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফের বাহারছড়ার করাচিপাড়া ঘাটসংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করে।

অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের আটকের জন্য নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।