19 June 2026
অভিযানে ডিবির ৩ সদস্যকে পিটুনি, গুরুতর অবস্থায় উদ্ধার

নারায়ণগঞ্জে আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের দুই কর্মকর্তা ও এক কনস্টেবল। প্রথমে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এবং পরে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে তাদের মারধর করা হয়।
পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় তিন সদস্যকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বরের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরের দিকে ঢাকা জেলা ডিবির চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায়। এ সময় আসামিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করে। একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজারের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আবারও মারধর করা হয়।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন—এসআই মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ।
পুলিশ জানায়, অভিযানে থাকা আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে অবস্থান করায় তিনি রক্ষা পান। পরে তিনি দলের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় গিয়ে ঘটনাটি জানান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঢাকা জেলা ডিবির সদস্যরা সাদা পোশাকে অভিযানে গিয়েছিলেন। ইউনিফর্ম না থাকায় তারা স্থানীয় জনতার রোষানলে পড়েন। পরে সোনারগাঁ ও আড়াইহাজার থানা পুলিশ তাদের উদ্ধার করে।
