মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 31 August 2026
বাংলাদেশ
banglabrief.com/
সংস্করণ
19 June 2026
বাংলাদেশ

পুলিশের পোশাকে আবারও পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকের রঙে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে গাঢ় নীল শার্টের পাশাপাশি মেট্রোপলিটন এলাকায় হালকা জলপাই (অলিভ) ও খাকি রঙের প্যান্ট পরিধান করবেন পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগের আয়রন (লোহা) রঙের পরিবর্তে জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের। পাশাপাশি সব মেট্রোপলিটন পুলিশের শার্ট হবে হালকা জলপাই (অলিভ) রঙের এবং সব পুলিশের প্যান্টের রং হবে খাকি।

নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া মহানগর পুলিশের নারী সদস্যরা গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ (জলপাই) রঙের ব্লাউজ পরবেন। একইসঙ্গে হেড কভারও গাঢ় নীল রঙের হতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর পুলিশের পোশাক সংস্কারের দাবি ওঠে এবং পরে আয়রন রঙের নতুন ইউনিফর্ম চালু করা হয়। তবে পরবর্তীতে বিভিন্ন মহলের মতামত ও পর্যালোচনার পর এবার আবারও গাঢ় নীল ও জলপাই রঙের সমন্বয়ে নতুন পোশাক নির্ধারণ করা হলো।