মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 31 August 2026
বাংলাদেশ
banglabrief.com/
সংস্করণ
20 June 2026
বাংলাদেশ

ভারতে প্রবেশের পর নিখোঁজ ডিপজল

সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর থেকে ডিপজল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিখোঁজ রয়েছেন। তিন দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে আড়াই ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠকেও নিখোঁজ যুবকের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি বিএসএফ। এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাতে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দিগালিগ্রামের বাসিন্দা ডিপজল আহমদসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ফেরার পথে বিএসএফ সদস্যরা ধাওয়া করলে অন্যরা বাংলাদেশে ফিরে আসতে পারলেও ডিপজল নিখোঁজ হন।

এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মঙ্গলবার (১৬ জুন) সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে নিয়ে আসেন। পরে বুধবার (১৭ জুন) বিজিবির মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, ডিপজলের নিখোঁজ হওয়ার বিষয়ে বিএসএফের সঙ্গে একাধিকবার পতাকা বৈঠক হয়েছে। সর্বশেষ বৈঠকে বিএসএফ জানিয়েছে, সীমান্তের ওপারে কোনো গুলির ঘটনা বা নিখোঁজের বিষয়ে তাদের কাছে তথ্য নেই। বিষয়টি উভয় পক্ষই অনুসন্ধান চালিয়ে দেখছে।

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী (টিপু) বলেন, বৈঠকের পরও বিএসএফ কোনো তথ্য দেয়নি। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আগামীকাল স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করবেন।

জকিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়রা গুলিতে হত্যার অভিযোগ করলেও এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।