মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 17 July 2026
বাংলাদেশ
banglabrief.com/
সংস্করণ
20 June 2026
বাংলাদেশ

আশুলিয়ায় মাদরাসা কর্তৃপক্ষের অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

সাভারের আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ী দারুল ইসলাম কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসায় অস্ত্র উদ্ধারের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: জাকির হোসেন।

শনিবার (২০জুন) দুপুরে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা টেক এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি।

জাকির হোসেন বলেন, মাদরাসা কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপ-প্রচার চালিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। অত্র প্রতিষ্ঠানে আমার মদদে নাকি অস্ত্র রাখা হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। যারা এই ধরনের বক্তব্য দিয়েছে, তাদের কাছে এর কোনো প্রমাণ থাকলে তা জনসম্মুখে উপস্থাপন করুক। প্রমাণ ছাড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন অভিযোগ সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন ও মানহানিকর।

তিনি আরও বলেন, তিনি মরহুম সৈয়দ আলী আশরাফ প্রতিষ্ঠিত দারুল ইহসান ট্রাস্টের একজন নিয়োগপ্রাপ্ত অ্যাসেট ম্যানেজার। তার সন্তানও ওই মাদরাসার শিক্ষার্থী। অথচ বৈধ দায়িত্ব ও অভিভাবক পরিচয় থাকা সত্ত্বেও তাকে মাদরাসায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সংবাদ সম্মেলনে জাকির হোসেন দাবি করেন, মাদরাসা কর্তৃপক্ষ বিভিন্ন ব্যক্তিকে রাজনৈতিকভাবে বিতর্কিত আখ্যা দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, ড. সালেহ উদ্দিন সাইদ ও মারুফ হোসেন মুকুলকে জাহাঙ্গীর কবির নানকের সহযোগী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সত্য নয়। মারুফ হোসেন মুকুল ধানমন্ডি থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। আমি ট্রাস্টের বৈধ অ্যাসেট ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি। অন্যদিকে সানজিদ নিজেকে পরিচালক হিসেবে দাবি করলেও তার এ দাবির পক্ষে কোনো বৈধ নিয়োগপত্র বা অনুমোদনের তথ্য উপস্থাপন করতে পারেননি বা পারবে না। আমার সুনাম ক্ষুণ্ন করতে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পরিকল্পিতভাবে তারা মিথ্যা অপ- প্রচার করছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ মানহানি মামলা দায়ের করা হবে বলেও তিনি হুশিয়ারী দেন। এবং তাদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সত্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।