মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 21 June 2026
বাংলাদেশ
banglabrief.com/
সংস্করণ
20 June 2026
বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজার গাছ জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মরিচ ক্ষেত থেকে ১০ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। উপজেলার তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি বটতলা এলাকার দূর্গম চরে মরিচ ক্ষেতে অবৈধভাবে চাষ করা একটি বড় আকারের গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। শনিবার (২০ জুন) বিকেলে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারি পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ ফুট লম্বা গাঁজার গাছটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই খোঁচাবাড়ি গ্রামের কৃষক ইউসুফ মিয়া দুধকুমার নদের পাড়ে জেগে ওঠা চরে তার মরিচ ক্ষেতের মধ্যে গোপনে একটি গাঁজা গাছ রোপণ করেন। প্রায় দুই বছর ধরে লালন-পালনের ফলে গাছটি প্রায় ১০ ফুট উচ্চতায় পৌঁছেয়। তবে গাছে ফুল আসার আগেই পুলিশের নজরে পড়ে যায় গাছটি। শনিবার বিকেলে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এর নেতৃত্বে পুলিশের একটি দল বিস্তীর্ণ চরাঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মরিচ ক্ষেতের মধ্যে থাকা বৃহৎ আকৃতির গাঁজা গাছটি জব্দ করা হয়। পুলিশ আরো জানায়, ওই এলাকায় আরও কোথাও গাঁজা গাছের চাষ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। একই সঙ্গে অভিযুক্ত কৃষক ইউসুফ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন জানিয়েছেন, চরাঞ্চলের কিছু দরিদ্র কৃষক অধিক মুনাফার আশায় মাদক কারবারিদের প্ররোচনায় পড়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের চাষে জড়িয়ে পড়েন। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।