12 September 2026
আইইউসানসের নবগঠিত কমিটির বৃক্ষরোপণ কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এন এস-এর নবগঠিত কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘গ্রিন ক্যাম্পাস’ কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইইউসানসের উপদেষ্টা ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. শামসুল হক সিদ্দিকী এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ওয়ালী উল্লাহ।
অধ্যাপক ড. এ. কে. এম. শামসুল হক সিদ্দিকী বলেন, ঝালকাঠি এন এস কামিল মাদরাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক ও শিক্ষার্থীকল্যাণমূলক কর্মকাণ্ড করে আসছে। উপদেষ্টা হিসেবে তাদের নিয়ে তিনি গর্ববোধ করেন। নবগঠিত কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজনকে স্বাগত জানিয়ে তিনি তাদের ধন্যবাদ, দোয়া ও শুভকামনা জানান।
অধ্যাপক ড. মো. ওয়ালী উল্লাহ বলেন, আইইউসানস শুধু মাদরাসাকেন্দ্রিক কার্যক্রমে সীমাবদ্ধ নয়। সংগঠনটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতেও অবদান রেখে চলেছে। নবগঠিত কমিটির বৃক্ষরোপণ কর্মসূচি একটি ইতিবাচক উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি।
আইইউসানসের সভাপতি আসাদুল্লাহ আর গালিব বলেন, নবগঠিত কমিটির এটিই প্রথম কর্মসূচি। বৃক্ষরোপণের মাধ্যমে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার বার্তা দিতে চান তারা। শিক্ষার্থী ও সমাজের কল্যাণে আইইউসানস ভবিষ্যতেও কাজ করে যাবে। এ বৃক্ষরোপণের মধ্য দিয়ে নতুন কমিটির পথচলা শুরু হয়েছে উল্লেখ করে সবার দোয়া কামনা করেন তিনি।
সংগঠনটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাকিব বলেন, আইইউসানসের শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গনে নেতৃত্ব দেবে। নবগঠিত কমিটির প্রথম কর্মসূচি হিসেবে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সেই পথচলা শুরু হয়েছে। ভবিষ্যতেও সংগঠনটি বিভিন্ন ইতিবাচক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সফলতার শিখরে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
