মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 17 July 2026
শিক্ষা
banglabrief.com/
সংস্করণ
15 September 2025
শিক্ষা

রাকসু নির্বাচন : আচরণবিধি লঙ্ঘন করে ছাত্রদলের জিএস প্রার্থীর প্রচারণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ক্লাসরুমে প্রচারণা চালিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে আরবি বিভাগের ৩০৬নং রুমে তাকে প্রচারণা চালাতে দেখা যায়।

রাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা আচরণবিধির ধারা ৪/ঝ-তে উল্লেখ আছে, ‘অ্যাকাডেমিক ভবনের অভ্যন্তরে মিছিল/সমাবেশ করা এবং শ্রেণিকক্ষের অভ্যন্তরে কোনো নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।’

এদিকে শ্রেণিকক্ষের অভ্যন্তরে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাকসু নির্বাচনে একজন জিএস পদপ্রার্থী কীভাবে রুমে প্রচারণা করে এ নিয়ে সমালোচনা করছেন অন্যান্য প্রার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন বলেন, ‘আমি আরবি বিভাগের শিক্ষার্থী। আমার বিভাগের জুনিয়রদের সঙ্গে বাইরে একটু কথা বলতে চেয়েছিলাম। তারা জানাল ফাস্ট ইয়ারের সিআর জানিয়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে ভাই আপনি উপরে আসেন। এজন্য আমি রুমে গিয়ে ২ মিনিট কথা বলেছিলাম। ওই সময় ওদের কোনো ক্লাস ছিল না।’

প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, ‘আমাদের বিষয়টি জানা নেই। তবে ক্লাসরুমে প্রচারণার কোনো প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’