মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 01 September 2026
আন্তর্জাতিক
banglabrief.com/
সংস্করণ
28 August 2025
আন্তর্জাতিক

লালে রঙিন হাজারো নারী, স্বামীর জন্য করলেন প্রার্থনা

নেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে পালিত হলো হিন্দু নারীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান তিজ উৎসব। এদিন হাজারো নারী লাল রঙের শাড়ি, শাল ও ঐতিহ্যবাহী পোশাকে সেজে ভিড় জমান বিখ্যাত পশুপতিনাথ মন্দির প্রাঙ্গণে।

মন্দিরের বাইরের চত্বরটিতে সারাদিন ধরে চলে নারীদের গান, নাচ আর উল্লাস। লাল পোশাক পরিহিত হাজারো নারীর ঢল মিলিয়ে তৈরি হয় এক অনন্য দৃশ্য, যেন চারপাশজুড়ে রঙিন সমুদ্র।

ঐতিহ্য অনুযায়ী, বিবাহিত নারীরা এদিন উপবাস থেকে স্বামীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন। অন্যদিকে অবিবাহিত তরুণীরা যোগ্য স্বামী লাভের আশায় দেবতাদের কাছে প্রার্থনা জানান।

একজন ভক্ত, দেবকি কৈরালা বলেন, ‘এই উৎসবের বিশেষ তাৎপর্য আছে। পার্বতী দেবী ভগবান শিবকে স্বামী হিসেবে পেয়েছিলেন আশীর্বাদের মাধ্যমে। আমরাও এখানে আসি এই বিশ্বাস নিয়ে যে তিনিও আমাদের সব কামনা পূর্ণ করবেন।’

তবে কেবল স্বামীর মঙ্গল নয়, অনেক নারীই এটিকে পারিবারিক ও প্রজন্ম থেকে প্রজন্মে প্রচলিত সংস্কৃতির অংশ হিসেবেই পালন করেন। সুচিলা নামে এক অংশগ্রহণকারী বলেন, ‘ছোটবেলা থেকে মা আমাকে শিখিয়েছেন এই তিজ উপবাস রাখতে। এটি কেবল স্বামীর জন্য নয়, পশুপতিনাথের জন্য, সবার জন্য।’

অন্য এক ভক্ত জানান, ‘আমি প্রার্থনা করি আমার স্বামীর জন্য, আবার সবার জন্যও। সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ঈশ্বরের প্রতি আরও ভালোবাসা ও বিশ্বাস বৃদ্ধির জন্য।’

প্রতি বছর শ্রাবণ মাস বা সাওনের অমাবস্যার তিন দিন পর এই তিজ উৎসব পালিত হয়। সাধারণত আগস্ট থেকে সেপ্টেম্বরের শুরুর দিক পর্যন্ত এ উৎসব চলে, যা নেপালের নারীদের কাছে শুধু ধর্মীয় নয়, বরং এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলা।