20 June 2026
আবারও হরমুজ বন্ধ করল ইরান

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানি সামরিক কর্তৃপক্ষ জানায়, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্র–ইরান চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। এ কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, “হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ করা হলো। এটি শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ।”
এছাড়া বলা হয়, আগ্রাসন অব্যাহত থাকলে শত্রুপক্ষকে তাদের বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে আরও পদক্ষেপ নেওয়া হবে।
ইরানের দাবি, লেবাননে ইসরায়েলের হামলা সম্প্রতি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া সমঝোতার চেতনার পরিপন্থী। তেহরানের মতে, যুক্তরাষ্ট্রের মদদ বা নীরব সমর্থনেই ইসরায়েল এই হামলা চালাচ্ছে।
