মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 17 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
17 July 2026
অন্যান্য

স্টেডফাস্ট কুরিয়ারে পাঠানো ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২

রংপুরে বিশেষ অভিযানে ১৬ হাজার পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজন ওষুধ বিক্রয় প্রতিনিধিকে আটক করা হয়েছে। ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক মো. আবু জাফর।

আটকরা হলেন- শরীফ ফার্মাসিউটিক্যালসের রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুর রাজ্জাক এবং পপুলার ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি সাগর।

গত ১০ জুলাই সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুলাই দুপুর থেকে নগরীর আর কে রোড এলাকার আইডিয়াল মোড়ে স্টেড-ফাস্ট কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে নজরদারি চালানো হয়। প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে একটি সন্দেহভাজন পার্সেল পরীক্ষার পর ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে মাদক সরবরাহ চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কুমিল্লা থেকে পাঠানো এ চালানের মূল নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে সরবরাহের পরিকল্পনা ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কার্যালয়ের উপপরিচালক মো. আবু জাফর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে।’

এই ঘটনার বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।