মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 23 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
18 July 2026
অন্যান্য

পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও যুগ্ম আহ্বায়ক আব্দুল

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান পদত্যাগ করেছেন। এই পদত্যাগকে ঘিরে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। উভয়েই সাংগঠনিক কাজে সময় দিতে না পারা, শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে এনসিপির জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থেকে জেলার প্রতিটি দলীয় কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে বর্তমানে বয়স বৃদ্ধি, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক নানা ব্যস্ততার কারণে দলের এমন একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সক্রিয়ভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

দলের সাংগঠনিক গতিশীলতা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেই সুদূরপ্রসারী চিন্তা থেকেই তিনি স্বেচ্ছায় এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে দায়িত্ব পালনকালে জেলার সব স্তরের নেতাকর্মী ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে পাওয়া আন্তরিক সহযোগিতার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গোলাম কিবরিয়া তাপস গত ২ জুলাই লিখিতভাবে আবেদনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠালেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা উত্তর পাননি। শুক্রবার সন্ধ্যায় (১৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে এনসিপির জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

অপরদিকে, এনসিপি জয়পুরহাট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান জানান, সাংগঠনিক কাজে সময় দিতে না পারা, শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে গত ১১ জুলাই পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটি থেকে এখনো কোনো উত্তর পাননি বলেও জানান তিনি।

এনসিপি জেলা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদত্যাগ করায় স্থানীয় রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। সংগঠনে সময় দিতে না পারা বা পারিবারিক বা শারীরিক অসুস্থতা কারণ, নাকি অন্য কিছু রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে স্থানীয় এনসিপির দায়িত্বশীল যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবীর বলেন, দলের মধ্যে কোনো অভ্যন্তরীণ কোন্দল নেই। ব্যক্তিগত কারণে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।