20 July 2026
আছে দেখানোর বিধান, নতুন বিতর্কের জন্ম দিলেন মেসি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের বিপক্ষে এক ঘটনায় বিতর্কে জড়িয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেলাকে লাল কার্ড দেখানোর জন্য রেফারির কাছে দাবি জানাতে দেখা যায় তাকে। তবে ম্যাচ কর্মকর্তা সেই আবেদন নাকচ করে দেন। পরে বিষয়টি নিয়ে সমালোচনা করেন সাবেক ইংল্যান্ডের দুই ফুটবলার লি ডিকসন ও ওয়েইন রুনি।
এনডিটিভি স্পোর্টস-এর প্রতিবেদনে বলা হয়, ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখার পর তার সতীর্থরা রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করছিলেন। এ সময় স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেলা মেসির কাছে গিয়ে কথা বলেন। টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, কথা বলার সময় তিনি সাময়িকভাবে নিজের মুখ হাত দিয়ে ঢেকে রাখেন।
এরপর মেসি রেফারি স্লাভকো ভিনচিচের কাছে ইঙ্গিত করে কুকুরেলাকে লাল কার্ড দেখানোর দাবি জানান। ফিফার নতুন নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের সঙ্গে বাগ্বিতণ্ডার সময় ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে কথা বললে সরাসরি লাল কার্ড দেখানোর বিধান রয়েছে। এর আগে একই টুর্নামেন্টে প্যারাগুয়ের মিগেল আলমিরন ও ইকুয়েডরের পিয়েরো হিনকাপিয়ে একই কারণে বহিষ্কৃত হয়েছিলেন।
তবে ম্যাচের রেফারি মনে করেন, কুকুরেলার আচরণ লাল কার্ড দেওয়ার মতো গুরুতর ছিল না। ফলে তিনি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ম্যাচ শেষে বিষয়টি নিয়ে মেসির সমালোচনা করেন সাবেক ইংল্যান্ড ডিফেন্ডার লি ডিকসন। আইটিভিকে তিনি বলেন, “এভাবে কাউকে লাল কার্ড দেখানোর চেষ্টা করা ঠিক নয়। কেউ এমন কারণে বহিষ্কৃত হলে খেলাটারই ক্ষতি হবে। কাউকে বের করে দেওয়ার জন্য এভাবে আচরণ করা শিশুসুলভ।”
সাবেক ইংল্যান্ড অধিনায়ক ওয়েইন রুনিও মেসির আচরণে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “আর্জেন্টিনা কীভাবে খেলে, সেটা আমরা জানি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খেলোয়াড়সুলভ আচরণ। মেসির কাছ থেকে এমনটা দেখা সত্যিই হতাশাজনক।”
শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন।
