মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 21 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 July 2026
অন্যান্য

ফাইনালে হারের পরও জয়ের আগাম পোস্ট, ‘জাতীয় ছুটি’ ঘোষণা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের পর সামাজিক মাধ্যমে এক বিব্রতকর ভুলের কারণে আলোচনায় এসেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

এনডিটিভি স্পোর্টস জানিয়েছে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দে জাতীয় ছুটি ঘোষণার একটি নির্ধারিত (শিডিউল করা) পোস্ট ভুলবশত প্রকাশ হয়ে যায় মিলেইর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে। অথচ বাস্তবে অতিরিক্ত সময়ে ১-০ গোলে স্পেনের কাছে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা।

ভাইরাল হওয়া ওই পোস্টে লেখা ছিল, “আর্জেন্টিনা জাতীয় দলের অর্জন উদযাপন নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে, খেলোয়াড় ও কোচিং স্টাফ যে দিন নির্ধারণ করবেন, সেদিন জাতীয় ছুটি ঘোষণা করা হবে।”

পোস্টটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক ব্যবহারকারীর ধারণা, বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধরে আগেভাগেই পোস্টটি নির্ধারণ করে রাখা হয়েছিল। কিন্তু ফাইনালে পরাজয়ের পর সেটি বাতিল করতে ভুলে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ হয়ে যায়।

এর কয়েক ঘণ্টা আগে অবশ্য মিলেই আরেকটি পোস্টে আর্জেন্টিনা দলকে তাদের লড়াকু মানসিকতার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, “ধন্যবাদ খেলোয়াড়দের। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার জন্য ধন্যবাদ। আর্জেন্টিনা সব সময় বিশ্ব ফুটবলের শীর্ষেই থাকবে।”

এদিকে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় স্পেন।

এই পরাজয়ের মধ্য দিয়ে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার একটি সফল যুগেরও সমাপ্তি ঘটল বলে মনে করছেন অনেক ফুটবল বিশ্লেষক। এর আগে মেসির নেতৃত্বে ২০২২ বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।