মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 21 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 July 2026
অন্যান্য

পূর্বধলায় নিখোঁজের পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ

নেত্রকোণার পূর্বধলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর আব্দুল হামিদ (৭৩) নামের এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঔটি বহুলী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত সদর শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে ব্যক্তিগত কেনাকাটার জন্য স্থানীয় বহুলী বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল হামিদ। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি ফিরে আসেননি। সে সময় আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা চলায় পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি হয়তো কোথাও খেলা দেখছেন।

আজ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বহুলী বাজার থেকে ফেরার পথে আতিক মিয়া নামের এক স্থানীয় বাসিন্দা নাদিম মিয়ার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তার ডাকে আশপাশের লোকজন এসে মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে নিহতের ছেলে জজ মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। খবর পেয়ে পূর্বধলা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতের পরিবার ও স্বজনরা জানান, আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এ ছাড়া তিনি চোখেও বেশ কম দেখতেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— রাতে বৃষ্টি ও অন্ধকারের মধ্যে চলাচলের সময় পা পিছলে পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।