মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 22 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 July 2026
অন্যান্য

বাংলাদেশের খুদে গণিতবিদরা যাচ্ছে মঙ্গোলিয়ায়

আন্তর্জাতিক অঙ্গনে দেশের গণিত প্রতিভা তুলে ধরতে মঙ্গোলিয়ার পথে বাংলাদেশের ১৫ খুদে গণিতবিদ। গণিতভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান বাংলার ম্যাথ-এর ব্যবস্থাপনায় তারা অংশ নেবে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস ইনভিটেশনাল কম্পিটিশন (MIMC) ২০২৬-এ।

এবার প্রতিযোগিতাটির ২৪তম আসর অনুষ্ঠিত হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে। ২২ জুলাই শুরু হয়ে ২৭ জুলাই পর্যন্ত চলবে ছয় দিনের এই আন্তর্জাতিক আয়োজন। আয়োজকদের তথ্যমতে, বিশ্বের ৩২টি দেশের প্রায় ৬০০ শিক্ষার্থী এতে অংশ নেবে।

বাংলাদেশ জাতীয় দলকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে—কি স্টেজ টু ও কি স্টেজ থ্রি। এই দুই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন স্কুলের নির্বাচিত শিক্ষার্থীরা নিজেদের গণিত দক্ষতা তুলে ধরবে আন্তর্জাতিক মঞ্চে।

কি স্টেজ টু বিভাগে রয়েছেন—অরিজিৎ সাহা (সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল), আরিয ইনতিশার চৌধুরী (গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল), লাবিবা বিনতে ফজলে রাব্বি (মাস্টারমাইন্ড স্কুল), অর্ণব রঞ্জন পাল (আনন্দনিকেতন স্কুল), রাজর্ষি সাহা (গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল), তরজা তনূদ্ভব তম (সহজপাঠ উচ্চ বিদ্যালয়) এবং তাহমীদ হাসান (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ)।

কি স্টেজ থ্রি বিভাগে অংশ নিচ্ছেন—আলভিন খান (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), সাকিন আল সাদাফ (গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল), রিশান আন নাফি (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), মারজানা মানহা (এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল), বারীরাহ মোস্তাখার (স্কলাস্টিকা), মুবতাসিম আল মাহদি (ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ), মো. ইমাদ আল দীন চৌধুরী (প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল) এবং ফাইজা আদিফাহ (ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর)।

বাংলাদেশ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আহমেদ শাহরিয়ার, এস. এম. মাহতাব হোসাইন এবং মো. আশরাফুল আল শাকুর।

বাংলার ম্যাথের সহ-প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ দলের কোচ মো. আশরাফুল আল শাকুর বলেন, আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ দেশের গণিত শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক পর্যায়ে নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পায়।

তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতা দুটোই রয়েছে। প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা ও ধারাবাহিক মেন্টরিং। এই সহায়তা নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশ আরও বড় সাফল্য অর্জন করতে পারবে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, গণিত চর্চায় বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত সম্ভাবনাময়। সেই সম্ভাবনার প্রতিফলন এবার মঙ্গোলিয়ার মঞ্চেও দেখা যাবে বলে তিনি বিশ্বাস করেন।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ শুধু পদক জয়ের লক্ষ্যেই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও গণিতভিত্তিক শিক্ষায় আরও উৎসাহিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।