21 July 2026
নতুন লুকে চমকে দিলেন ভিনিসিয়ুস

মাঠের পারফরম্যান্স নয়, এবার নিজের নতুন চেহারার কারণে আলোচনায় এসেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, সম্প্রতি তিনি ‘চিন হারমোনাইজেশন’ নামের একটি কসমেটিক চিকিৎসার মাধ্যমে চিবুক ও চোয়ালের গঠন আরও স্পষ্ট করেছেন। এ তথ্য প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
প্রকাশিত ছবিতে ২৬ বছর বয়সী এই ফুটবলারের মুখের গঠন আগের তুলনায় কিছুটা প্রশস্ত ও ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর গোইয়ানিয়ায় তিনি এই সৌন্দর্যবর্ধক চিকিৎসা করান।
কী এই চিন হারমোনাইজেশন?
চিন হারমোনাইজেশন হলো মুখের গঠনে সামঞ্জস্য আনার একটি নান্দনিক চিকিৎসা পদ্ধতি। এটি অস্ত্রোপচার বা অস্ত্রোপচার ছাড়াও করা যেতে পারে। এর লক্ষ্য হলো চিবুক, চোয়াল, নাক ও ঠোঁটের মধ্যে ভারসাম্য তৈরি করে মুখের সামগ্রিক সৌন্দর্য ও প্রোফাইল আরও আকর্ষণীয় করা।
বিশেষজ্ঞরা সাধারণত শুধু চিবুকের পরিবর্তন নয়, পুরো মুখের গঠন ও অনুপাত বিবেচনা করেই এই ধরনের চিকিৎসার পরিকল্পনা করেন।
বিশ্বকাপের পর এখন রিয়াল মাদ্রিদে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। নতুন মৌসুমে হোসে মরিনিয়োর অধীনে লা লিগার অভিযানে নামবে মাদ্রিদ ক্লাবটি। আগামী ২৩ আগস্ট এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে, ২০২৬-২৭ মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হওয়ার কথা ২৬ অক্টোবর। দুই দলের ফিরতি লড়াই হবে ১০ মে ২০২৭।
