24 July 2026
বৈরী আবহাওয়ার মধ্যেও বরগুনায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

বরগুনা পৌর শহরে বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় পৌর শহরের থানাপাড়াস্থ শ্রীশ্রী জগন্নাথ মন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সর্বজনীন মদনমোহন জিউর আখড়া মন্দিরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী ভক্তবৃন্দ, নারী-পুরুষ ও শিশু-কিশোররা অংশ নেন।
বৈরী আবহাওয়া সত্ত্বেও ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রথের দড়ি টেনে ভক্তরা ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। যাত্রাপথে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।
উল্টো রথযাত্রার আয়োজন করে শ্রীশ্রী জগন্নাথ মন্দির এবং ব্যবস্থাপনায় ছিল সতী মাতা উন্নয়ন ক্লাব, থানাপাড়া। সহযোগিতা করে সর্বজনীন মদনমোহন জিউর আখড়া মন্দির কমিটি, বরগুনা।
