মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 27 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 July 2026
অন্যান্য

অমিতাভের সাবেক ফিটনেস প্রশিক্ষক, ৯৩ বছরেও জিমে দাপট দেখাচ্ছেন মধুকর তালওয়ালকর

বয়স যে শুধু একটি সংখ্যা—তারই জীবন্ত উদাহরণ ভারতের প্রবীণ ফিটনেস ব্যক্তিত্ব মধুকর তালওয়ালকর। ৯৩ বছর বয়সেও তিনি নিয়মিত জিমে গিয়ে স্ট্রেংথ ট্রেনিং ও কার্ডিও অনুশীলন করছেন। পুশ-আপ, চিন-আপ, স্কোয়াটের মতো কঠিন ব্যায়ামও অনায়াসে করে দেখিয়ে তিনি বিস্মিত করছেন সবাইকে।

ভারতে আধুনিক জিম সংস্কৃতির পথিকৃৎদের একজন হিসেবে পরিচিত মধুকর তালওয়ালকর। তাঁর বাবা রামকৃষ্ণ তালওয়ালকর ১৯৩২ সালে মুম্বইয়ে একটি শারীরচর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে সেই উদ্যোগকে আরও বড় পরিসরে নিয়ে গিয়ে ফিটনেস সেন্টার ও জিম চেইনের ধারণা জনপ্রিয় করেন মধুকর।

দীর্ঘ কর্মজীবনে তিনি বলিউডের বহু কিংবদন্তি তারকার ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন ও দিলীপ কুমারের মতো তারকারা। শরীরচর্চার সঠিক কৌশল শেখানোর মাধ্যমে তিনি বহু তারকার ফিটনেস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সম্প্রতি তাঁর নাতি ও ফিটনেস প্রশিক্ষক করণ সাহনির সঙ্গে জিমে অনুশীলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ৯৩ বছর বয়সেও মধুকর নিখুঁত ভঙ্গিতে চিন-আপ, পুশ-আপ ও স্কোয়াট করছেন। করণ জানান, এগুলো কোনো বিশেষ প্রদর্শনের জন্য নয়; বরং এগুলো তাঁর দাদার প্রতিদিনের নিয়মিত অনুশীলনের অংশ।

করণ আরও জানান, ভারতে যখন জিম সংস্কৃতি তেমন পরিচিত ছিল না, তখন মধুকরই আধুনিক ব্যায়াম সরঞ্জাম ব্যবহার করে কার্ডিও ও স্ট্রেংথ ট্রেনিংয়ের প্রচলন করেন। এমনকি সে সময় তিনি বলিউড তারকাদের বাড়িতে গিয়ে ব্যক্তিগতভাবে প্রশিক্ষণও দিতেন। এখনও সুযোগ পেলে অনেককেই ফিটনেস বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি।

নিয়মিত শরীরচর্চার সুফলই আজও তাঁর শরীরে স্পষ্ট। বয়সের ভারে নুয়ে না পড়ে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করেন, নিজেই নিজের কাজ সামলান এবং মানসিকভাবেও থাকেন বেশ প্রাণবন্ত।

তবে বিশেষজ্ঞদের মতে, মধুকরের মতো ব্যায়াম সবাই হঠাৎ করে শুরু করতে পারবেন না। দীর্ঘদিনের ধারাবাহিক অনুশীলনের ফলেই তিনি এই সক্ষমতা ধরে রাখতে পেরেছেন। তাই প্রবীণ বয়সে নতুন করে শরীরচর্চা শুরু করতে চাইলে অবশ্যই অভিজ্ঞ ফিটনেস প্রশিক্ষকের তত্ত্বাবধানে ধীরে ধীরে অনুশীলন শুরু করা উচিত। শুরুতে ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ ও যোগব্যায়ামের মতো সহজ অনুশীলনই নিরাপদ বলে মনে করেন বিশেষজ্ঞরা।