মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 26 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 July 2026
অন্যান্য

ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া লাইজু জীবিত উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী "কুমিল্লা" নামের একটি ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারী মোসা. লাইজু (৩৯) কে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে স্থানীয়রা তাকে জীবিত উদ্ধার করেন। পরে তারা দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িকে বিষয়টি অবহিত করেন।

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন জানান, এলাকার কয়েকজন যুবক রাতে পদ্মা নদীতে চাক জাল ফেলে মাছ শিকার করছিলেন। এ সময় তারা দেখতে পান, এক নারী কচুরিপানা আঁকড়ে ধরে ভেসে ভেসে নদীর তীরের দিকে আসছেন এবং বাঁচার জন্য চিৎকার করছেন। পরে তারা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা লোকমানের বাড়িতে নিয়ে যান এবং দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িকে খবর দেন।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন “নিখোঁজ নারীর সন্ধান পাওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। তাকে শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছে।”

প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধার হওয়া নারী মোসা: লাইজু ঢাকার কামরাঙ্গীরচর এলাকার ঝাউচর আশ্রাফাবাদের বাসিন্দা। তিনি মো. ফুরকান মিয়ার স্ত্রী।

এর আগে শনিবার সন্ধ্যায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী একটি ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে তিনি নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার অভিযান শুরু করে। প্রায় কয়েক ঘণ্টা পর স্থানীয়দের সহযোগিতায় তাকে জীবিত উদ্ধার করা হয়।