মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 28 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 July 2026
অন্যান্য

মালঞ্চের তীরে সবুজের হাসি, শ্যামনগরে পালিত হলো আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় সুরক্ষা হিসেবে ম্যানগ্রোভের গুরুত্ব তুলে ধরে সাতক্ষীরার শ্যামনগরে পালিত হয়েছে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস। দিবসটি উপলক্ষে র‌্যালি, বৃক্ষরোপণ, বনায়ন ও আলোচনাসভার আয়োজন করা হয়।

রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামে মালঞ্চ নদীর তীরে নদীর চরের প্রায় ১.৩ কিলোমিটার এলাকাজুড়ে ম্যানগ্রোভ বনায়ন ও রাস্তার পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্র্যাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতায় ও উত্তরণের বাস্তবায়নে জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্র্যাকটিক্যাল এ্যাকশনের থিমেটিক লিড তামান্না রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার পলাশ সরকার, ফিল্ড অপারেশন ম্যানেজার এ. জে. এম. শফিকুল ইসলাম, উত্তরণের প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমান ও নাজমা আক্তার, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও নদীভাঙনের ঝুঁকি দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে ম্যানগ্রোভ বন প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। তারা

আরও বলেন, ম্যানগ্রোভ শুধু উপকূল রক্ষাই করে না, এটি জীববৈচিত্র্য সংরক্ষণ, কার্বন শোষণ,পরিবেশের ভারসাম্য রক্ষা ও উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু সহনশীল উপকূল গড়তে ম্যানগ্রোভ সংরক্ষণ ও সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। বক্তারা পরিকল্পিত বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, রাস্তার পাশে ও উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক হবে। কর্মসূচির শেষ পর্যায়ে

অংশগ্রহণকারীরা ম্যানগ্রোভ বন সংরক্ষণ ও নতুন করে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ও নিরাপদ উপকূল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পরে ম্যানগ্রোভ রক্ষায় শপথ গ্রহণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।