28 July 2026
রানীসংকৈলে অসহায় এতিম কিশোরীদের মাঝে মা-ছাগল বিতরণ

ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল উপজেলায় অসহায় ও এতিম কিশোরীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘বর্ডার ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর উদ্যোগে মা-ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজারে আনুষ্ঠানিকভাবে এই ছাগল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উদ্যোগটির সার্বিক বিষয়ে সংগঠনটির কর্ণধার ইসমাম আহমেদ বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত ও এতিম কিশোরীদের আত্মনির্ভরশীল করে তোলা। এই মা-ছাগলগুলো সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে তারা নিজস্ব পুঁজি গড়ে তুলতে পারবে, যা ভবিষ্যতে তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বড় ভূমিকা রাখবে।"
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তারা প্রতি মাসে একটি করে এমন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে প্রতি মাসের ১৫ তারিখে প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র কিশোরীদের আত্মনির্ভরশীল করতে 'বর্ডার ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন'-এর মাধ্যমে এই ছাগল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
