মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 28 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 July 2026
অন্যান্য

৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলডুমুর (১৭ বিজিবি) ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৮শে জুলাই) সকাল ১১টায় নীলডুমুর ১৭ বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদক আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়।

বিজিবি সূত্র জানায়, ধ্বংস করা মাদকদ্রব্যের বর্তমান বাজারমূল্য ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিবিএম, পিএসসি।

বিজিবি আরও জানায়, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১১ জুলাই পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৫১ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৭৯৭ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়। এসব অভিযানে ৪১ জনকে আটক করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ছিল।

ধ্বংস করা মাদকের তালিকায় রয়েছে— ১৫ হাজার ৭৮ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৬৫৪ পিস ইয়াবা, ১ কেজি হেরোইন, ২ কেজি ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১৪ বোতল এলএসডি, ৪-৬ বোতল বিভিন্ন ধরনের মদ, ২১ লাখ ৭৬ হাজার ২৫৭ পিস অবৈধ ওষুধ, ৭৫ হাজার ৭৬৬ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি এবং ৩.৮১ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকজাতীয় ট্যাবলেট ও বড়ি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, "মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে মাদক একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এটি নির্মূলে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতা প্রয়োজন।"

নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা সেক্টর কমান্ডার, সাতক্ষীরার পুলিশ সুপার, জেলা প্রশাসনের প্রতিনিধি, র‍্যাব-৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের কর্মকর্তারা।