মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 29 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 July 2026
অন্যান্য

কালুখালীতে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বিলনৌছি গ্রামে আরজিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে নিজ বসতঘরের শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরজিনা খাতুন বিলনৌছি গ্রামের সুলতান আলী বিশ্বাসের মেয়ে এবং আমিন শেখের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে রাতের খাবার খেয়ে স্বামী আমিন শেখ, তাদের সাত মাস বয়সী ছেলে আরিয়ান এবং আরজিনা খাতুন ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে আমিন শেখের ঘুম ভাঙলে তিনি দেখতে পান, ঘরের কাঠের আড়ার সঙ্গে সুতার রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছেন তার স্ত্রী। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আরজিনাকে নিচে নামালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়দের ভাষ্যমতে, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।