মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 29 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 July 2026
অন্যান্য

রাউজানের শীর্ষ সন্ত্রাসী ধামা ইলিয়াছ গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে শীর্ষ সন্ত্রাসী মোঃ ইলিয়াছ প্রকাশ ধামা ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ চট্টগ্রাম জেলা ডিবি'র তদন্তাধীন একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে৷

একটি সূত্র বলছে, গতকাল (সোমবার) রাজধানী ঢাকার একটি হাসপাতাল থেকে ইলিয়াছকে গোয়েন্দা পুলিশ আটক করে৷ গতকাল রাতেই তাকে চট্টগ্রামে আনা হয়৷

এদিকে, ইলিয়াছের গ্রেপ্তারের বিষয়টি গতকালই গণমাধ্যম জানতে পারে৷ কিন্তু এই বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যাচ্ছিলো না৷ তবে সন্ধ্যায় আদালত সূত্রে জানা গেছে, জেলা ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার ইলিয়াছকে কঠোর গোপনীয়তায় আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে৷

এই বিষয়ে নাম প্রকাশ না শর্তে জেলা পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ধামা ইলিয়াছের সহযোগী ও তার বাহিনীর হাতে থাকা অস্ত্রের সন্ধান পেতেই মূলত বিষয়টি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেনি পুলিশ৷ ইলিয়াছের বেশ কয়েকটি মামলা রয়েছে৷

একটি সূত্র বলছে, ইতিপূর্বে শরীরে গুলিবিদ্ধ হওয়ায় প্রায় বছর খানেক ধরে ধামা ইলিয়াছ অসুস্থ৷ আইন শৃংখলা বাহিনীর কড়া নজরদারির মধ্যে গ্রেপ্তার এড়িয়ে চললেও গুলিবিদ্ধের ক্ষতের পূর্ণাঙ্গ চিকিৎসা করাতে পারছিলেন না৷ পরিচয় লুকিয়ে বিভিন্ন ভাবে চিকিৎসা নিলেও এখনো সুস্থ হতে পারেননি তিনি৷ আর এই চিকিৎসা করতেই ঢাকা যায় ইলিয়াছ যার তথ্য আইন শৃংখলা বাহিনীর কাছে পৌছে যাওয়ায় এবার গ্রেপ্তার হন ইলিয়াছ ৷