28 July 2026
২০৩৬ সালে টাকার প্রয়োজন থাকবে না: ইলন মাস্ক

আগামী এক দশকের মধ্যে বিশ্বের অর্থনৈতিক কাঠামো আমূল বদলে যেতে পারে বলে মনে করছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার দাবি, ২০৩৬ সালের মধ্যে প্রচলিত অর্থ বা টাকার গুরুত্ব অনেকটাই হারিয়ে যেতে পারে। কারণ তখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবট মানুষের চেয়েও বেশি পণ্য ও সেবা তৈরি করতে সক্ষম হবে।
সম্প্রতি SpaceX-এর প্রতিষ্ঠাতা ও xAI-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক The Economist-এর একটি পডকাস্টে অংশ নেন। সেখানে পত্রিকাটির প্রধান সম্পাদক জেনি মিন্টন বেডোস তাকে প্রশ্ন করেন—যদি সবকিছু কেনার জন্য টাকা প্রয়োজন হয়, তাহলে ভবিষ্যতে টাকার ভূমিকা কী হবে?
জবাবে মাস্ক বলেন, বর্তমানে খাবার, বাসস্থান, যাতায়াত কিংবা বিনোদনের মতো প্রায় সব প্রয়োজন পূরণেই অর্থের প্রয়োজন হয়। তবে ভবিষ্যতে যদি রোবট ও এআই মানুষের চেয়ে বেশি দক্ষতার সঙ্গে সব ধরনের পণ্য ও সেবা তৈরি করতে পারে, তাহলে টাকার প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে।
মাস্কের মতে, আগামী ১০ বছরের মধ্যে এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে। তখন মানুষ অনেক ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরশীল হয়ে পড়বে। তার ধারণা, আগামী পাঁচ বছরের মধ্যেই এআই সম্মিলিত মানব বুদ্ধিমত্তাকে অতিক্রম করতে পারে।
তিনি বিষয়টি বোঝাতে মানুষ ও এআইয়ের সম্পর্ককে মানুষ ও শিম্পাঞ্জির তুলনার সঙ্গে মিলিয়ে দেখান। মাস্ক বলেন, মানুষ যেমন শিম্পাঞ্জির তুলনায় অনেক বেশি বুদ্ধিমান এবং পৃথিবীর নিয়ন্ত্রণে রয়েছে, তেমনি ভবিষ্যতে এআই মানুষের তুলনায় বেশি সক্ষম হয়ে উঠলে মানুষও প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে।
তবে ভবিষ্যতে যদি রোবটই উৎপাদন ও সেবার প্রধান উৎস হয়ে ওঠে, তাহলে বিকল্প অর্থব্যবস্থা কেমন হবে—সে বিষয়ে কোনো নির্দিষ্ট ধারণা দেননি মাস্ক।
তিনি বলেন, এআই ও রোবটের অগ্রগতি থামানোর কোনো বাস্তব উপায় তিনি দেখছেন না। এমনকি প্রযুক্তির গতি নিয়ন্ত্রণের জন্য ‘স্টপ বাটন’ থাকলেও মানুষ হয়তো সেটি চাপাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, এআইয়ের ভবিষ্যৎ প্রভাব নিয়ে সতর্ক করেছেন প্রযুক্তি জগতের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। OpenAI-এর সহপ্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান মনে করেন, বিশ্ব ইতোমধ্যে এমন এক পর্যায়ে প্রবেশ করেছে যেখানে এআই অনেক ক্ষেত্রে মানুষের চেয়ে বেশি দক্ষ হয়ে উঠছে।
অন্যদিকে, Demis Hassabis, Google DeepMind-এর প্রধানও প্রযুক্তির দ্রুত অগ্রগতি নিয়ে সতর্ক করেছেন। তার মতে, এআইয়ের ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
এআই গবেষণা প্রতিষ্ঠান Anthropic জানিয়েছে, ভবিষ্যতের উন্নত এআই মডেলগুলো মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই আরও জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম হতে পারে। প্রতিষ্ঠানটির গবেষণায় উঠে এসেছে, উন্নত মডেলগুলো ভবিষ্যতে নিজেদের কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও বেশি সক্ষমতা অর্জন করতে পারে।
তবে বিশেষজ্ঞদের মধ্যে এ নিয়ে মতভেদ রয়েছে। কেউ মনে করছেন, এআই মানুষের জীবনকে সহজ করবে এবং উৎপাদনশীলতা বাড়াবে। আবার কেউ আশঙ্কা করছেন, নিয়ন্ত্রণহীন প্রযুক্তিগত অগ্রগতি অর্থনীতি, কর্মসংস্থান ও মানব সমাজে বড় পরিবর্তন আনতে পারে।
ইলন মাস্কের ভবিষ্যদ্বাণী বাস্তব হবে কি না, তা সময়ই বলবে। তবে তার মন্তব্য আবারও সামনে নিয়ে এসেছে একটি বড় প্রশ্ন—যদি একদিন মেশিনই অধিকাংশ কাজ করে, তাহলে ভবিষ্যতের অর্থনীতি ও মানুষের ভূমিকা কেমন হবে?
