মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 29 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
29 July 2026
অন্যান্য

সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

বুধবার (২৯ জুলাই) সিআইডি সদর দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নবনিযুক্ত সিআইডি প্রধানকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।

গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক পদে কর্মরত ছিলেন। 

এন-এস-আই তে দায়িত্বে থাকাকালেই তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান।

দীর্ঘ প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। পেশাগত জীবনে তিনি পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ছাড়াও সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।

এছাড়া বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহান পুলিশ (সিএমপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ সদর দপ্তর এবং বিভিন্ন রেঞ্জে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

শিক্ষাজীবনে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেন তিনি। 

পাশাপাশি ফরেনসিক ল্যাবরেটরি ও আধুনিক পুলিশিং বিষয়ে মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্কসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।