29 July 2026
ইসি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচন কমিশনকে চোখ-কান খুলে স্বাধীনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে জামায়াত।
বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে দলের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের রাজনীতি আইন দ্বারা নিষিদ্ধ থাকায় দলটির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে জামায়াত।
তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে যাদের জনপ্রতিনিধির পদে বসানো হয়েছে, তাদেরও সংশ্লিষ্ট পদে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হতে না দেওয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন বিষয়টি বিবেচনা করে আলোচনার আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।
এ ছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবিও জানিয়েছে জামায়াত। এ প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ারের দাবি, জাতীয় নির্বাচনে তিনি বিএনপির পক্ষে দায়িত্ব পালন করেছিলেন। তাই তাকে নির্বাচন কমিশনে রাখা হলে নির্বাচন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
