মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 30 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
29 July 2026
অন্যান্য

যশোরে আলোচনার টেবিলে সমাধান হলেও বাইরে উত্তেজনা

যশোর জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে ঘিরে সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিরসনে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে পুলিশ সুপারের গাড়ি ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পরে তা শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রায় এক ঘণ্টাব্যাপী এ সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশেক হাসান, যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষ, অভিভাবক প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, উভয় পক্ষই ওই সিদ্ধান্ত মেনে নিয়ে সভাস্থল ত্যাগ করেন।

তবে সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দেয়। মাদ্রাসা ও অভিভাবক পক্ষের প্রায় ২০ থেকে ২৫ জন ব্যক্তি জেলা পুলিশ সুপারের গাড়ির গতিরোধ করেন। এ সময় তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার গ্রহণের দাবি জানান।

পরে পুলিশ সদস্যরা উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে জেলা পুলিশ সুপারের গাড়ি নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনায় কোনো সংঘর্ষ, ভাঙচুর, হতাহতের ঘটনা বা আইন-শৃঙ্খলার অবনতির তথ্য পাওয়া যায়নি। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।