মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 31 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
30 July 2026
অন্যান্য

নেত্রকোণার দুর্গাপুরে ৩০ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার, শ্বশুর-পুত্রবধূ আটক

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৭৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসার অভিযোগে এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকায় আব্দুল জলিল আকন্দের বাড়িতে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— নাজমুন নাহার খানম, যিনি পলাতক আব্দুল জলিল আকন্দের স্ত্রী এবং শফিকুল ইসলাম, কাচারীমোড় এলাকার আব্দুল গণি সরকারের ছেলে ও আব্দুল জলিলের বাবা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “উদ্ধার হওয়া ফেন্সিডিলের প্রকৃত মালিক আব্দুল জলিল আকন্দ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।