31 July 2026
নতুন দায়িত্বে ৩ মন্ত্রী

রাজধানী ঢাকায় ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন-সংক্রান্ত বিদ্যমান আইন-বিধিমালাকে আরও যুগোপযোগী, কার্যকর ও বাস্তবমুখী করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।
বুধবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগরে ইমারত বিধিমালা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে The Building Construction Act, 1952 এবং The Town Improvement Act, 1953 পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।
কমিটির দায়িত্ব হবে বিদ্যমান দুটি আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করা, যাতে ঢাকা মহানগরে ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন-সংক্রান্ত বিধিমালা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।
প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করবে। কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব পরবর্তী সময়ে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
