মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 31 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
31 July 2026
অন্যান্য

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হ্যাঙ্গার ও জ্বালানি ডিপো ধ্বংস করল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, কুয়েতে অবস্থিত মার্কিন আলি আল-সালেম বিমানঘাঁটিতে চালানো সর্বশেষ প্রতিশোধমূলক হামলায় দুটি ড্রোন হ্যাঙ্গার ও একটি জ্বালানি সংরক্ষণাগার ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি (এমএনএ) প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, এই অভিযান ‘আগ্রাসনকারীদের শাস্তি’ দেওয়ার অংশ হিসেবে পরিচালিত হয়েছে। আইআরজিসি আরও দাবি করে, তাদের অ্যারোস্পেস ফোর্স ও স্থলবাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।

এছাড়া বিবৃতিতে বলা হয়, ইরানে টানা ১৫০ রাত ধরে জনসমাবেশ চলছে। এসব সমাবেশের উদ্দেশ্য হিসেবে ‘শহীদ ইমামের রক্তের প্রতিশোধ’ এবং অঞ্চল থেকে ‘মার্কিন আগ্রাসীদের বিতাড়নের’ দাবি তুলে ধরা হয়েছে।

বিবৃতির শেষ অংশে কুয়েতের জনগণের উদ্দেশে আইআরজিসি জানায়, মুসলিমদের সম্পদ ও জাতীয় সম্পদের ‘লুটপাট’ বন্ধ এবং অঞ্চল থেকে ‘মার্কিন দখলদারদের’ বহিষ্কার না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান চলবে।

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।