31 July 2026
এক দশকের প্রেমের পূর্ণতা, ‘স্পাইডারম্যান’ এর গোপনে বিয়ে

হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড ও জেনডায়ার প্রেমের গল্প যেন রূপকথাকেও হার মানায়। ২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ ছবির অডিশনে প্রথম দেখা, এরপর বন্ধুত্ব, প্রেম, বাগদান—সবশেষ গোপনে বিয়ের মাধ্যমে এক দশকের সম্পর্ককে পূর্ণতা দিয়েছেন এই দুই তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে টম হল্যান্ড নিজেই তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরেই টম-জেনডায়ার সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ ছিল না। তবে ব্যক্তিগত জীবনকে সবসময়ই আড়ালে রাখতে চেয়েছেন তারা। গণমাধ্যম ও ভক্তরা বিভিন্ন সাক্ষাৎকার, জনসমক্ষে উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকে সম্পর্কের নানা ইঙ্গিত পেলেও দুজনই দীর্ঘ সময় এ বিষয়ে মুখ খোলেননি।
স্পাইডারম্যান থেকেই শুরু
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এ পিটার পার্কার ও এমজে চরিত্রে অভিনয়ের সময় প্রথম পরিচয় হয় টম হল্যান্ড ও জেনডায়ার। সিনেমাটি মুক্তির পর ২০১৭ সালেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সে সময় দুজনই সম্পর্কের কথা অস্বীকার করে নিজেদের কেবল ভালো বন্ধু বলে দাবি করেছিলেন।
পরবর্তী কয়েক বছরে তারা অন্য সম্পর্কে জড়ালেও সেই সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হয়নি। অবশেষে ২০২১ সালের জুলাইয়ে লস অ্যাঞ্জেলেসে একটি গাড়ির ভেতর চুম্বনরত অবস্থায় তাদের ছবি প্রকাশ হলে জল্পনা নতুন মাত্রা পায়।
এর কিছুদিন পর জেনডায়ার জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে "My MJ" লিখে শুভেচ্ছা জানান টম হল্যান্ড। সেই পোস্টের পরই কার্যত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে।
প্রেম থেকে বাগদান: সম্পর্ক প্রকাশ্যে আসার পর ধীরে ধীরে আরও ঘনিষ্ঠ হতে থাকেন এই তারকা জুটি। ২০২৩ সালে জেনডায়ার হাতে টমের নামের আদ্যক্ষর "TH" খোদাই করা একটি আংটি দেখা গেলে বাগদানের গুঞ্জন জোরালো হয়।
এরপর ২০২৪ সালের শেষদিকে একাধিক মার্কিন গণমাধ্যম জানায়, পরিবার-পরিজনের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বাগদান সম্পন্ন করেছেন তারা। একই সময় গোল্ডেন গ্লোবসের লাল গালিচায় জেনডায়ার হাতে হীরার আংটি সেই জল্পনাকে আরও শক্তিশালী করে। পরে টমের বাবা ডমিনিক হল্যান্ডও এক ব্লগে ছেলের বাগদানের খবর নিশ্চিত করেন।
গোপন বিয়ে, পরে নিজেই দিলেন সুখবর
২০২৬ সালের মার্চে জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ এক সাক্ষাৎকারে জানান, টম ও জেনডায়ার বিয়ে ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এরপর জুনে Esquire-কে দেওয়া এক সাক্ষাৎকারে টম হল্যান্ড নিজেই জানান, তারা গোপনে বিয়ে করেছেন এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতেই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পরে বিভিন্ন সাক্ষাৎকারে জেনডায়াকে "আমার স্ত্রী" বলেও উল্লেখ করেন তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত
সম্পর্কের শুরু থেকেই ব্যক্তিগত জীবনকে জনসমক্ষে না আনার বিষয়ে সতর্ক ছিলেন টম ও জেনডায়া। একাধিক সাক্ষাৎকারে টম বলেছেন, তাদের সম্পর্ক অত্যন্ত ব্যক্তিগত এবং এটি পেশাগত জীবনের সঙ্গে মিশিয়ে দেখতে চান না। অন্যদিকে জেনডায়াও বারবার জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত আলোচনায় তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
নতুন সিনেমায়ও একসঙ্গে
ব্যক্তিগত জীবনের সুখবরের পাশাপাশি পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি। তাদের নতুন ছবি ‘Spider-Man: Brand New Day’ মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। অন্যদিকে বছরের শেষ দিকে মুক্তির অপেক্ষায় রয়েছে জেনডায়া অভিনীত বহুল প্রতীক্ষিত ‘Dune: Part Three’।
