31 July 2026
আশুলিয়ায় ব্যাগে মিলল প্রেশার কুকার বোমা

সাভারের আশুলিয়ায় একটি দোকানের সামনে ফেলে রাখা ব্যাগে মিলল ‘প্রেশার কুকার’ বোমা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দল গিয়ে সেটি নিষ্ক্রিয় করেছে।
শুক্রবার (৩১ জুলাই বেলা ৩টার দিকে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে বোমাটি পাওয়া গেলেও ঘটনাটি আজ শুক্রবার আশুলিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলাও হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল মধ্যরাতের দিকে আশুলিয়ার চারাবাগ এলাকার ‘জয়ী জেনারেল স্টোর’ নামের দোকানটিতে আসেন মাস্ক পরা এক ব্যক্তি। তিনি কোমল পানীয় কিনে ২০০ টাকা দেন দোকানিকে। ফেরত দেওয়ার জন্য খুচরা না থাকায় টাকা ভাঙাতে পাশের দোকানে যান ওই দোকানি। সেই সুযোগে অজ্ঞাত ব্যক্তি সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ দোকানে রেখে চলে যান। দীর্ঘ সময় পার হলেও ব্যাগ নিতে কেউ ফেরত না আসায় স্থানীয়দের সন্দেহ হয়। তারা ব্যাগ খুলে স্কচটেপে মোড়ানো প্রেশার কুকার দেখতে পান। খবর দেওয়া হয় আশুলিয়া থানা পুলিশকে। পুলিশ গিয়ে ঘটনাস্থলে ঘিরে ফেলে। প্রাথমিক পরীক্ষায় প্রেশার কুকারের ভেতর বোমা থাকার বিষয়টি নিশ্চিত হন বাহিনীর সদস্যরা।
পরে মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে বিশেষজ্ঞ দল পৌঁছায় ঘটনাস্থলে। আজ সকাল ৬টা ২২ মিনিটে পাশের একটি খোলা মাঠে নিয়ে মাটিতে গর্ত করে প্রেশার কুকারটি সেখানে রাখা হয়। এরপর বিশেষ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয় বোমাটি।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল জানালেন, বোম্ব ডিসপোজাল ইউনিট সদস্যরা জানিয়েছেন বোমাটি ছিল বেশ শক্তিশালী। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার রাতে রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে পাওয়া যায় অবিস্ফোরিত একটি বোমা। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।
