31 July 2026
‘মধ্যপ্রাচ্যে কফিন এখন মার্কিন সেনাদের সামরিক সরঞ্জামের অংশ’

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান মেজর জেনারেল আলি আবদুল্লাহি দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী ও তাদের মিত্ররা এখন উপলব্ধি করছে যে, তাদের সামরিক উপস্থিতির সঙ্গে কফিনও যেন অবিচ্ছেদ্য বাস্তবতায় পরিণত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বাহিনী বুঝতে পেরেছে যে এই অঞ্চলে তাদের সামরিক সরঞ্জামের পাশাপাশি কফিনও এখন অনিবার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।
বার্তায় আবদুল্লাহি ইসলামি বিপ্লবের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একটি বহুল আলোচিত বক্তব্যেরও উল্লেখ করেন। তিনি বলেন, সেই সময় ঘোষণা করা হয়েছিল—‘আঘাত করে কোনো মূল্য না দিয়ে পালিয়ে যাওয়ার যুগ শেষ।’ তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সেই ঘোষণারই প্রতিফলন।
ইরানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সমন্বয়কারী অপারেশনাল কমান্ড ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী আবদুল্লাহি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্রদের সম্ভাব্য সামরিক পদক্ষেপ সম্পর্কে সতর্ক করে আসছেন।
ইরানি সামরিক কর্মকর্তাদের দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সামরিক উপস্থিতি আগ্রাসী শক্তিগুলোর জন্য ব্যয় ও ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। তাদের মতে, ইরানি জনগণ এবং তথাকথিত ‘প্রতিরোধ অক্ষ’-এর অবস্থান এই বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে।
সূত্র: আইআরএনএ।
