মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 01 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
31 July 2026
অন্যান্য

হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর: মন্ত্রিপরিষদ সচিব

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অন্যতম লক্ষ্য দেশের প্রত্যন্ত ও যোগাযোগবঞ্চিত এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, আর সরকার সেই কাজটিই করছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি আরও বলেন, হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘবে জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর সড়ক প্রকল্প ও এ ধরনের সড়ক যোগাযোগ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

তিনি শুক্রবার সুনামগঞ্জের জামালগঞ্জ, ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার প্রস্তাবিত হাইওয়ে প্রকল্পের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে এ কথাগুলো বলেন।

এর পূর্বে তিনি জেলার তাহিরপুর উপজেলা পরিষদের মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে তিনি আরও বলেন, নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজ করতে হবে। সফল হতে পারলেন কি না তা দেখার বিষয় না। ৩২ শ কোটি টাকার কাজ চলছে, এর মধ্যে তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা সড়কের কাজ পরিদর্শন করেছি। এই যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিপণ্য পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হাইওয়ে প্রকল্পের সম্ভাব্য বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী মো. গোলাম মাওলা, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কুকুরাপাড়শি জিরো পয়েন্ট (চেইনেজ ১১.৩২৯ কিলোমিটার) থেকে ধর্মপাশা উপজেলার কাজিরগাঁও পয়েন্ট পর্যন্ত উড়াল সড়ক নির্মাণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওর অঞ্চলের মানুষের সারা বছর যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।