মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 01 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
01 August 2026
অন্যান্য

ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে হামলা, আহত ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচিতে মাদক ব্যবসায়ী পরিবারের হামলায় একজন আহত হয়েছেন। এই ঘটনায় ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার সকালে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ‘এলাকাবাসী ও সুধিসমাজ’-এর উদ্যোগে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের সরকার পাড়া মাদ্রাসা মোড়ে একটি মাদকবিরোধী ক্যাম্পেইন আয়োজন করা হয়। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান-এর নেতৃত্বে এই ক্যাম্পেইনে এলাকার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। তারা মাদকসেবনকারী ও বিক্রেতাদের বাড়ি বাড়ি গিয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতন করেন।

এই কর্মসূচি চলাকালীন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মাদকবিরোধী ক্যাম্পেইনের সাথে যুক্ত একজন কর্মী রক্তাক্ত জখম ও গুরুতর আহত হন। আহত ব্যক্তি একই এলাকার মৃত রফাতউল্লার ছেলে গোলজার হোসেন (৪৭)। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

শুক্রবার রাতেই আহত গোলজার হোসেন মাদক ব্যবসায়ী ওই পরিবারের চার জন সদস্য— নাছির উদ্দিন (৫২) ও তার তিন ছেলে রমজান আলী (৩২), হযরত আলী (২৮), কফিল উদ্দিন (২০)— এদের নামে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

প্রত্যক্ষদর্শী আমিনুর, আলম, মাসুদ ও আলতাফ জানান, এই পরিবারটি প্রকাশ্যে মাদক ব্যবসা করে। মাদকবিরোধী ক্যাম্পেইনে মাদক ব্যবসায়ীদের এই ধৃষ্টতাপূর্ণ হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এলাকাবাসী অনতিবিলম্বে এই বর্বরোচিত হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এবিষয়ে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান জানান, মাদকবিরোধী ক্যাম্পেইন থেকে ফেরার পথে তার সামনেই এই হামলার ঘটনা ঘটে। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।