01 August 2026
‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারপতি

রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, বহুল আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারপতিসহ প্রসিকিউশন টিম।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টার পর ট্রাইব্যুনালের বিচারপতিরা ওই স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন দলের নেতৃত্ব দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।
এ সময় ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।
পরিদর্শনে আরও অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা। এছাড়া আসামিপক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলটি ‘আয়নাঘর’ নামে পরিচিত এবং এটি বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এই পরিদর্শন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান সংশ্লিষ্ট বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।
