01 August 2026
ঈশ্বরগঞ্জে আমন চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমন ধানের চারা রোপণ করার সময় আকস্মিক বজ্রপাতে মুমিন মিয়া (৩০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই কৃষক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের চরপাড়া এলাকার শ্রীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুমিন মিয়া ওই গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫৫) এবং মুসলেম উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৪০)।
স্থানীয় বাসিন্দা মোনায়েম আকন্দ ও আল মামুন জানান, বিকেলে মুমিন মিয়া ও আব্দুর রাজ্জাক জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় হুমায়ুন কবির বাজারে যাওয়ার পথে তাদের কাছে এসে দাঁড়ান। হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে তারা তিনজনই দৌড়ে পাশের একটি গাছের নিচে আশ্রয় নেন। ঠিক সে মুহূর্তেই আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান মুমিন মিয়া এবং অন্য দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাঁদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুমিন মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে, এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মুমিন মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে আব্দুর রাজ্জাক হাসপাতালে ভর্তি আছেন এবং হুমায়ুন কবির প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
