01 August 2026
রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে দিল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ন্যস্ত করেছে দলটির জাতীয় স্থায়ী কমিটি।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয় ছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, দলের সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদসহ বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
