মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 02 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
02 August 2026
অন্যান্য

কারিগরি শিক্ষায় বৈষম্য নিরসন ও মানোন্নয়নে ১০ দফা দাবি

একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও শিল্পায়নের মূল চালিকাশক্তি হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। দক্ষ মানবসম্পদ সৃষ্টি ব্যতীত কোনো দেশ উন্নত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে না। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে সম্ভাবনাময় এই কারিগরি শিক্ষা খাতটি দীর্ঘদিন ধরে চরম অবহেলা, বৈষম্য এবং সুশাসনের অভাবে জর্জরিত।

কারিগরি শিক্ষার এই নাজুক অবস্থা ও শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ-বঞ্চনার হাত থেকে মুক্তি পেতে এবং দেশকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদ আজ সরকারের নিকট ১০ দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন। আজ ১ আগস্ট ২০২৬ইং রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় মাওলানা আকরাম খা হলরুমে এই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার।

সরকারের নিকট তাদের ১০ দফা দাবি-

১. জাতীয়করণ ও আন্তঃবদলির ব্যবস্থা

শিক্ষা প্রতিষ্ঠানের সমুদয় আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা নিয়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে এবং শিক্ষকদের সুবিধার্থে আন্তঃবদলির ব্যবস্থা করতে হবে।

২. মাধ্যমিক ও কলেজে ট্রেড কোর্স চালু

দেশের সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অন্তত ২টি করে কারিগরি ট্রেড কোর্স চালু করতে হবে।

৩. ট্রেড ইনস্ট্রাক্টর পদ পুনঃবহাল

ট্রেড ইনস্ট্রাক্টর প্রতি ট্রেডে পূর্বের ন্যায় ২ জন করে পদ পুনঃবহাল করতে হবে।

৪. সময়মতো বেতন ও দুর্নীতি দমন

কারিগরি অধিদপ্তরসহ সকল শিক্ষকদের প্রতি মাসের ১ তারিখের মধ্যে বেতন নিশ্চিত করতে হবে এবং কারিগরি বোর্ড ও অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

৫. স্কেল হয়রানি বন্ধ ও ডিজিটাল আবেদন ব্যবস্থা

বিএড, উচ্চতর স্কেল সহ সকল প্রকার স্কেল নিয়ে কারিগরি অধিদপ্তরের হয়রানি বন্ধ করতে হবে এবং এমপিও, উচ্চতর স্কেল ও বিএড স্কেলের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন করতে হবে।

৬. শিক্ষক-কর্মচারী সুরক্ষা আইন

শিক্ষক-কর্মচারীদের শারীরিক ও মানসিকভাবে নিরাপদ রাখতে অবিলম্বে 'শিক্ষক-কর্মচারী সুরক্ষা আইন' প্রণয়ন করতে হবে।

৭. আধুনিক ল্যাব স্থাপন

সকল এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ও উন্নতমানের ল্যাব স্থাপন করতে হবে।

৮. শিক্ষক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক এক্সপোজার

কারিগরি শিক্ষকদের দক্ষতা উন্নয়নে নতুন কারিকুলাম উপযোগী দেশি ও বিদেশি মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

৯. সহকারী প্রধান শিক্ষক (কারিগরি) পদ সৃষ্টি

মাধ্যমিক সংশ্লিষ্ট সংযুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 'সহকারী প্রধান শিক্ষক (কারিগরি)' পদ সৃষ্টি করতে হবে।

১০. পৃথক কারিগরি শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা

কারিগরি শিক্ষার প্রসার ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে একটি স্বতন্ত্র 'কারিগরি শিক্ষা মন্ত্রণালয়' প্রতিষ্ঠা করতে হবে।

আমাদের এই ১০ দফা দাবি কোনো বিলাসী দাবি নয়, এটি কারিগরি শিক্ষার অস্তিত্ব রক্ষার দাবি। এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে।

আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, অনতিবিলম্বে আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক। অন্যথায়, দেশের কারিগরি শিক্ষক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষক নেতা, এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী, বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের উপদেষ্টা মাহবুবুর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ মতিউর রহমান, বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, মো: রাশেদ মোশারফ সাংগঠনিক সম্পাদকবাংলাদেশ এমপি ভুক্ত শিক্ষক পরিষদের সদস্য সচিব আশরাফুজ্জামান হানিফ, নুরুল ইসলাম সিয়াম যুগ্ম মহাসচিব বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি , হামিদুর রহমান, সহসভাপতি, বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদ, অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মো: বাশির উদ্দিন, সমন্বয়ক এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঢাকা মহানগরী,মোসাব্বেরুজ্জামান ,যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদ , অমিত অধিকারী, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ কারিগরি শিক্ষক কর্মচারী পরিষদ, আশিকুর রহমান বাবু, মো আলামিন, মো: মুরছালিন হক, আলমগীর হোসেন,মর্জিনা খাতুন, মহসিন আলী, সাব্বির আহমেদ বেলাল হোসেন, সাইমা আক্তার প্রমুখ।