মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 02 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
02 August 2026
অন্যান্য

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে অপরাধপ্রবণ শহর ঢাকা

দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে এই শহরের নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত নাজুক বলে চিহ্নিত করা হয়েছে। বৈশ্বিক তথ্য পরিসংখ্যানভিত্তিক সংস্থা ‘নাম্বিও’ (Numbeo) প্রকাশিত ২০২৬ সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

নাম্বিওর তথ্য অনুযায়ী, ঢাকার অপরাধ সূচক বর্তমানে ৬২ দশমিক ২, যা দক্ষিণ এশিয়ার অন্য সব শহরের তুলনায় সর্বোচ্চ। বিপরীতে নিরাপত্তার দিক থেকে ঢাকার অবস্থান সবচেয়ে নিচে; শহরটির নিরাপত্তা সূচক মাত্র ৩৭ দশমিক ৮। পরিসংখ্যানে দেখা গেছে, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বড় শহরগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতিও ঢাকার চেয়ে ভালো।

বৈশ্বিক তালিকায় অপরাধপ্রবণ শহরের মধ্যে ঢাকার অবস্থান ৫৯তম। অর্থাৎ অপরাধ ও নিরাপত্তার অভাবের দিক দিয়ে ঢাকা বিশ্বের শীর্ষ ১৫ শতাংশ শহরের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

দক্ষিণ এশিয়ার শহরগুলোর তুলনামূলক চিত্র:

দক্ষিণ এশিয়ার অন্যান্য শহরের মধ্যে ভারতের ম্যাঙ্গালোর (নিরাপত্তা সূচক ৭৪.৪) ও পাকিস্তানের ইসলামাবাদ (নিরাপত্তা সূচক ৬৮.৬) নিরাপদ শহর হিসেবে বেশ ভালো অবস্থানে রয়েছে। এমনকি করাচি বা লাহোরও নিরাপত্তার সূচকে ঢাকার চেয়ে এগিয়ে।

আন্তর্জাতিক পরিসরে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে শীর্ষ স্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটির অপরাধ সূচক মাত্র ১১ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৮৮ দশমিক ৯। এর তুলনায় ঢাকার অবস্থা চরম ঝুঁকিপূর্ণ। 

নাম্বিওর সূচক বিশ্লেষণে বলা হয়েছে, ঢাকার বাসিন্দারা রাতে একা চলাফেরায় চরম নিরাপত্তাহীনতায় ভোগেন এবং অধিকাংশ সময় চুরি, ছিনতাইসহ নানা অপরাধের আতঙ্কে থাকেন।

বিশ্বজুড়ে বিভিন্ন শহরের জীবনযাত্রার মান, আবাসন, অপরাধ, স্বাস্থ্যসেবা ও ট্রাফিক পরিস্থিতি নিয়ে নিয়মিত জরিপ পরিচালনা করে থাকে নাম্বিও। সংস্থাটির ২০২৬ সালের এই সূচক ঢাকার নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের নিরাপত্তার ঘাটতি নিয়ে বড় ধরনের উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে।