02 August 2026
খাগড়াছড়িতে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়িতে সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) দুপুরে কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা তুলে দেওয়া হয়। এরপর বিকালে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, ডাল, তেল ও আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন দুর্গত এলাকার মানুষেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিয়ে তিনি বলেন, 'প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনের ওপর যে আঘাত হানে, তা কাটিয়ে ওঠা একার পক্ষে সম্ভব নয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও দানশীল প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে মানুষের দুর্ভোগ দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব।' তিনি দুর্গত মানুষের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে এ সংকটকালে রাজনৈতিক মতভেদ ভুলে সমাজের বিত্তবান ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত জেলা সদরের গঞ্জপাড়া এবং দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকার মোট ৯০০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। দুর্গত পরিবারগুলোর দৈনিক কষ্ট লাঘবেই তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান জেটিআই-এর হেড অব করপোরেট অ্যাফেয়ার্স গোলাম মুজতাবা সহ অন্যান্যরা।
