মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 04 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
02 August 2026
অন্যান্য

উত্তরার ‘আয়নাঘর’ বিদেশি রাষ্ট্রদূতদের দেখানোর দাবি, খেলাফত আন্দোলনের

উত্তরার র‌্যাব সদর দপ্তরে অবস্থিত কথিত ‘আয়নাঘর’ ও নির্যাতনকেন্দ্র বিদেশি রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সরেজমিনে দেখানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী।

রবিবার (২ আগস্ট) বিকেলে নেত্রকোণার বারহাট্টা উপজেলার রামপুর দশাল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সাহতা ইউনিয়ন খেলাফত আন্দোলনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

মাওলানা রুহী বলেন, বিগত সরকারের আমলে বিরোধী মত দমনে গুম ও নির্যাতনের যে অভিযোগ রয়েছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরতে সরকারকে দ্রুত বিদেশি কূটনীতিক ও মানবাধিকার কর্মকর্তাদের সংশ্লিষ্ট স্থানগুলো পরিদর্শনের সুযোগ করে দিতে হবে। একই সঙ্গে তিনি আয়নাঘরসংক্রান্ত আলামত নষ্টের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান। তিনি আরও বলেন, অতীতের দমন-পীড়নের প্রকৃত চিত্র সরেজমিনে দেখানো হলে আন্তর্জাতিক মহল বিষয়টি আরও স্পষ্টভাবে অনুধাবন করতে পারবে। সভায় বক্তব্যে তিনি সীমান্তপথে মাদক প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তিনি পাড়া-মহল্লাভিত্তিকভাবে মাদক ব্যবসায়ীদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়ার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খেলাফত আন্দোলন নেত্রকোণা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা আবুল কাশেম, বারহাট্টা উপজেলা শাখার সদস্য সচিব মাওলানা আব্দুস সালাম, বারহাট্টা থানার সেকেন্ড অফিসার মুহাম্মাদ শফিকুর রহমান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।