মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 03 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
02 August 2026
অন্যান্য

টানা ৪ দিন ছুটির সুযোগ, তবে পাবেন না যারা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি সাধারণ ছুটির সঙ্গে এক দিনের নৈমিত্তিক ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। তবে এই সুবিধা সব সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) সাধারণ ছুটি। এরপর ৬ আগস্ট (বৃহস্পতিবার) নৈমিত্তিক ছুটি অনুমোদন হলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ কাটানো সম্ভব হবে।

তবে হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য জরুরি জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এই সুবিধা নাও পেতে পারেন। এসব প্রতিষ্ঠানে দায়িত্বের প্রয়োজন অনুযায়ী নিজস্ব ডিউটি রোস্টার অনুসারে কাজ চালিয়ে যেতে হবে।

এ ছাড়া যেসব সরকারি দপ্তরে জনস্বার্থে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা বাধ্যতামূলক, সেখানে ৬ আগস্টের নৈমিত্তিক ছুটি অনুমোদনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। ফলে সব কর্মকর্তা-কর্মচারী একযোগে দীর্ঘ ছুটি ভোগ করতে পারবেন না।

এদিকে আগস্ট মাসেই আরও একটি দীর্ঘ ছুটির সম্ভাবনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি। এরপর ২৭ আগস্ট এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটিসহ আবারও টানা চার দিনের ছুটি পাওয়া যেতে পারে। তবে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।