মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 04 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
03 August 2026
অন্যান্য

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে হারিকেন-চুলা নিয়ে ঢাবিতে বিক্ষোভ

গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছে জাতীয় ছাত্রশক্তি। এ সময় প্রতীকী প্রতিবাদ হিসেবে হারিকেন, মাটির চুলা ও হাঁড়ি-পাতিল প্রদর্শন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা গ্যাস-বিদ্যুৎ সংকট, বিদ্যুৎ বিল বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাকিব বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। তার দাবি, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস সংকট চলছে। একই সঙ্গে বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

সংগঠনটির সহসভাপতি মোহাম্মদ আবু সাঈদ বলেন, দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। অথচ গ্রাহকদের কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। রাজধানীতে গ্যাস সংকটের কারণে সিএনজিচালিত যানবাহন ও সাধারণ মানুষও দুর্ভোগে পড়ছেন বলে তিনি অভিযোগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়া যাচ্ছে। তিনি গ্যাস সংকট দ্রুত নিরসন, বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন।

এ সময় জাতীয় ছাত্রশক্তির কবি জসীমউদ্দীন হল শাখার আহ্বায়ক নুরুল ইসলাম নাহিদ, বিজয় একাত্তর হল শাখার সদস্যসচিব তানভীর বিন নজরুল, বঙ্গমাতা হল শাখার আহ্বায়ক নীতিকা নাওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের বিতর্ক সম্পাদক রাকিব রহমান এবং জোনাল সাংগঠনিক সম্পাদক রায়হান ফেরদৌস বক্তব্য দেন। তারা গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।