মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 25 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
04 August 2026
অন্যান্য

দেশের ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা

দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিভাগীয় পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ ৩২ দশমিক ৫ ও সর্বনিম্ন ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ৩২ দশমিক ০ ও সর্বনিম্ন ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহে সর্বোচ্চ ৩৩ দশমিক ২ ও সর্বনিম্ন ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ০ ও সর্বনিম্ন ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে সর্বোচ্চ ৩২ দশমিক ২ ও সর্বনিম্ন ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩২ দশমিক ৮ ও সর্বনিম্ন ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে সর্বোচ্চ ৩২ দশমিক ০ ও সর্বনিম্ন ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।