05 August 2026
জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারিকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। ডকুমেন্টারিতে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ এবং শহীদদের আত্মত্যাগ যথাযথভাবে উপস্থাপন করা হয়নি—এমন অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করেন।
বুধবার (৫ আগস্ট) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ডকুমেন্টারি প্রদর্শনের পরপরই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের একটি অংশ প্রতিবাদ জানান। তাদের দাবি, গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, গুরুত্বপূর্ণ ঘটনাবলি এবং শহীদদের আত্মত্যাগ ডকুমেন্টারিতে যথাযথভাবে তুলে ধরা হয়নি। একপর্যায়ে মিলনায়তনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরিস্থিতি শান্ত করতে প্রথমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী উপস্থিত সবাইকে সংযত থাকার আহ্বান জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের অনুরোধে আন্দোলনের অন্যতম নেতা ও এনসিপির নেতা আক্তার হোসেন বক্তব্য দেন। তিনি আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের আশ্বাস দিলেও ডকুমেন্টারির বিষয়বস্তু নিয়ে নিজের আপত্তির কথাও তুলে ধরেন।
এরপর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ডকুমেন্টারির অসম্পূর্ণতার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের নিয়ে ডকুমেন্টারিটি পুনরায় পর্যালোচনা করা হবে। তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংযোজন ও সংশোধনের মাধ্যমে এটিকে আরও পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেওয়া হবে।
তবে পরবর্তী আনুষ্ঠানিক বক্তব্যে আক্তার হোসেন একই অভিযোগ পুনর্ব্যক্ত করেন। পরে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করেন।
এনসিপি নেতাদের প্রস্থান সত্ত্বেও রাষ্ট্রীয় অনুষ্ঠানের অবশিষ্ট কর্মসূচি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সম্পন্ন হয়।
