মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 06 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
05 August 2026
অন্যান্য

আদালত চত্বরে বহিস্কৃত এনসিপি নেতা তানভীরের ওপর ডিম নিক্ষেপ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া এনসিপির বহিস্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ওপর আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে নেওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর ডিম নিক্ষেপ করেন।

এ সময় তাকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগানও দেন তারা। এর আগে এদিন ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে সাইবার সুরক্ষা আইনে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সাড়ে ১১ টার দিকে বসা এজলাসে শুনানি শেষে সদর আমলী আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

স্থানীয় সূত্র জানায়, গাজী সালাহউদ্দিন তানভীর গ্রেপ্তারের খবরে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল ইসলামের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সকাল থেকে আদালত চত্বরে অবস্থান নেন। গাজী সালাউদ্দিন তানভীরকে আদালত থেকে বের করে কারাগারে নেওয়ার সময় তার ওপর ডিম নিক্ষেপ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সরকারি আজিজুল হক কলেজের সদস্য সচিব রাফিউল আল আমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান। উনাকে নিয়ে তানভীরসহ বেশ কয়েকজন আপত্তিকর মন্তব্য করে দেশকে অস্থিতিশীল করে চায়। আমরা দ্রুত গাজী সালাউদ্দিন তানভীরের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

পুলিশের সূত্র বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দেখতে পান বাদী। ওই পোস্টে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার বলেছেন, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। আদালতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেনি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল।